
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, পলাতক দণ্ডিত হিসেবে শেখ হাসিনার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ইস্যু করার আইনগত কোনো সুযোগ নেই। মঙ্গলবার (১০ নভেম্বর) এক ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, আইন অনুযায়ী ন্যূনতম দুই বছরের সাজা হলে কাউকে পাসপোর্ট দেওয়া যায় না। একজন দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল বলে তিনি মন্তব্য করেন।
শেখ হাসিনা ট্রাইব্যুনালে বিচার এড়িয়ে গেছেন এবং রায়ের পর নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিলও করেননি বলে চিফ প্রসিকিউটর জানান।
তার মতে, আপিলের সুযোগ যেহেতু শেষ হয়ে গেছে, তাই তিনি দেশে ফিরলে আদালতের রায় অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এর আগে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান 'ম্যাট্রিক্স চেম্বার্স' ভারতের বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদন করেছিল, যা প্রসিকিউটরের ভাষায় একটি হাস্যকর পদক্ষেপ। রায় প্রকাশিত হওয়ার পরও তিনি আপিল করেননি।
তিনি স্পষ্ট করেন, শেখ হাসিনা নিজে বা তার দল এ বিষয়ে কোনো আবেদন করেনি। পররাষ্ট্রমন্ত্রী এ আবেদনকে গুরুত্ব না দিয়ে যথার্থই উপহাস করেছেন। শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন— এ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো দলিল ট্রাইব্যুনালের কাছে নেই। তিনি ভারত সরকারের মানবিক আশ্রয়ে আছেন বলে শোনা গেলেও, ভারত আনুষ্ঠানিকভাবে তেমন কিছু জানায়নি।
প্রসিকিউটরের মতে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো প্রকৃত সদিচ্ছা নেই। সদিচ্ছা থাকলে তিনি আইনি প্রক্রিয়া চলাকালে দেশে ফিরে আসতেন। তাকে পরামর্শ দিয়ে আমিনুল ইসলাম বলেন, তিনি যদি সত্যিই দেশে ফিরতে চান, তবে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুন এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরানোর অনুরোধ জানান।
তিনি আরও যোগ করেন, শেখ হাসিনা আত্মীয়স্বজনসহ নিরাপদে দেশত্যাগ করলেও দলের নেতাকর্মীদের চরম বিপদের মুখে ফেলে গেছেন। বর্তমানে পাসপোর্ট বা অন্যান্য বিষয় নিয়ে নানা অপতৎপরতা চালিয়ে তিনি দলকে আরও বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার যেসব বক্তব্য ছড়াচ্ছে, সেগুলো তার নিজস্ব কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে বলে চিফ প্রসিকিউটর উল্লেখ করেন। তিনি আরও বলেন, আপনি আপনার আত্মীয়স্বজনসহ খুব নিরাপদে এই দেশ থেকে পালিয়েছেন। এখন তাদের আরও বিপদে ফেলতে এ ধরনের অপতৎপরতা চালালে, আমার মনে হয়, দলগতভাবেও আপনি আরেকটি ভুল করতে যাচ্ছেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.