চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার ছদু চৌধুরী রোডে চিপস তৈরির এক গোপন কারখানার সন্ধান পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে অভিযানে গিয়ে এই ভয়ংকর পরিবেশ দেখতে পান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। চারপাশে মাকড়সার জাল, স্যাঁতসেঁতে দেওয়াল, মেঝেতে ছড়ানো ময়লা-আবর্জনা। খোলা অবস্থায় ময়দা, চিপস তৈরির উপকরণ ছড়ানো, এক কোণে রাখা খোলা কড়াইয়ে কালচে নষ্ট তেল—যেটাতেই ভাজা হচ্ছিল শিশুদের প্রিয় চিপস। ‘বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস’ নামের বেকারি প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করে সাময়িকভাবে সিলগালা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় চালানো হয় এই নিয়মিত বাজার তদারকি অভিযান। উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, “শিশুদের জন্য যে চিপস তৈরি হচ্ছিল, তার পরিবেশ এতটাই নোংরা যে স্বাস্থ্যঝুঁকি ভয়াবহ। অনুমোদনহীন কেমিকেল, নষ্ট তেল ব্যবহার—এসব কোনোভাবেই সহনীয় নয়। জনস্বার্থে এ ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই।”
একই অভিযানে দেওয়ানহাট এলাকায় অপরিচ্ছন্ন রান্নাঘর ও বাসি গ্রিল মাছ-মাংস একই ফ্রিজে রাখার অভিযোগে ‘হোটেল সিটি আই’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অপরাধে ‘মুসলিম হোটেল’ ও ‘দরবার ভাতঘর’-কে ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, ফারিয়া মেডিকেল নামের একটি প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে বৃহস্পতিবারের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় ছিলেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো: আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.