
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিরিয়ানির দোকানের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় মাসদাইর এলাকায় অবস্থিত ওই দোকানের ভেতরে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। হুমকি প্রদানকারী এইচ এম হোসেনের এমন আক্রমণাত্মক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে।
দোকানের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনার সূত্রপাত হয় এক নারীকে কেন্দ্র করে। তিনি চার প্যাকেট বিরিয়ানি নিতে এসে মূল্য পরিশোধ না করেই জোরপূর্বক খাবার নিয়ে যেতে চান। বিষয়টি নিয়ে দোকানের ম্যানেজার খোকনের সঙ্গে ওই নারীর বাগবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরেই অভিযুক্ত এইচ এম হোসেন ও তাঁর সঙ্গীরা দোকানে এসে উপস্থিত হন। সেখানে এসেই তিনি ম্যানেজারকে লক্ষ্য করে 'আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন' বলে চিৎকার করেন এবং তাঁকে হত্যার হুমকি দেন।
সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন। অনেকের প্রশ্ন, জনবহুল এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে এমন প্রকাশ্য হত্যার হুমকি দেওয়ার সাহস কীভাবে পান রাজনৈতিক নেতারা। একই সঙ্গে, হোসেনের কাছে কোনো অবৈধ অস্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এই অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত এইচ এম হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ঘটনায় ভুক্তভোগী ম্যানেজার এবং স্থানীয়রা এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন কি না, তা জানা না গেলেও দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.