
ইসরাইলের ২৬তম নেসেট বা পার্লামেন্টের প্রথম অধিবেশনে এসেই বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। মঙ্গলবার (১০ নভেম্বর) পার্লামেন্টের কার্যক্রম শুরুর দিনই বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট সরকারবিরোধী একগুচ্ছ বিল জমা দিয়েছে। এর মাধ্যমে তারা নেতানিয়াহু আমলে পাস হওয়া বিতর্কিত আইন ও বিভিন্ন সিদ্ধান্ত বাতিলের উদ্যোগ নিয়েছে। ইসরাইলের নতুন পার্লামেন্টের প্রথম দিনেই চমক দেখিয়েছেন দখলদারদের সম্ভাব্য প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট।
টাইমস অব ইসরাইলের তথ্য অনুযায়ী, আইজেনকোটের দল ‘ইয়াশার’ এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ‘ডেমোক্র্যাটস পার্টি’ এই বিলগুলো উত্থাপন করেছে। প্রস্তাবিত বিলগুলোর মূল লক্ষ্য ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে একটি রাষ্ট্রীয় কমিশন গঠন করা। এছাড়া প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিতর্কিত বিচার বিভাগ সংস্কার আইনের সংশোধনী বাতিলের বিষয়গুলোও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। ক্ষমতায় গেলে কমিশন গঠন তাদের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি। তবে সমর্থকদের বক্তব্য, বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে এ সংস্কার প্রয়োজন।
আইজেনকোটের জোটের দাবি, গত সরকারের সময় পাস হওয়া বিচার বিভাগীয় সংস্কারের ফলে দেশটির গণতান্ত্রিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়াশার দলের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করার আইন এবং বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তনের উদ্যোগের তীব্র সমালোচনা করা হয়েছে। এই বিলের আওতায় নিম্ন আদালতের বিচারক নিয়োগে সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের ভেটো দেওয়ার ক্ষমতা পুনর্বহালের প্রস্তাব রাখা হয়েছে। এসব উদ্যোগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।
নেতানিয়াহু অবশ্য হামাসের হামলা নিয়ে রাষ্ট্রীয় কমিশন গঠনের প্রবল বিরোধী। তার ভাষ্যমতে, সুপ্রিম কোর্টের নিয়োগ করা কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে। তবে বিরোধীদের স্পষ্ট অভিযোগ, নিরাপত্তার ব্যর্থতার দায় এড়াতেই নেতানিয়াহু এই কমিশন গঠনে বাধা দিচ্ছেন। এর আগে ২০২৪ সালে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার একটি আইন স্থগিত করেন, যার পেছনে নেতানিয়াহুর ব্যক্তিগত সুবিধা পাওয়ার উদ্দেশ্য ছিল বলে আদালতের পর্যবেক্ষণ ছিল।
আইনি সংস্কারের পাশাপাশি আরও বেশ কিছু সামাজিক ও প্রশাসনিক পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বিরোধী জোট। এর মধ্যে রয়েছে শনিবার ইহুদিদের ধর্মীয় ছুটির দিন শাবাতে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি দেওয়া এবং এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণ। এছাড়া ফৌজদারি অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সরকারি পদে নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাবও ডেমোক্র্যাটস পার্টি তুলে ধরেছে।
অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। আইনটি বাস্তবায়িত হলে মন্ত্রীরা অ্যাটর্নি জেনারেলের বাধ্যতামূলক আইনি পরামর্শ প্রত্যাখ্যান করতে পারবেন এবং এই পদে নিয়োগ ও অপসারণে সরকারের নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। বিরোধী জোটের দাবি, বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর বর্তমান সরকারের এই নগ্ন হস্তক্ষেপ ইসরাইলের রাষ্ট্রীয় পরিকাঠামোর জন্য হুমকিস্বরূপ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.