
নেত্রকোনার মদন উপজেলায় জাল ওয়ারিশান সনদ ব্যবহার করে নয় একর জমি নিজের নামে নামজারি করার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য পাবেল ইয়ার চৌধুরী অভিযুক্ত আল মামুন নামের এক ব্যক্তির বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) প্রাথমিক তদন্ত ও পর্যালোচনা শেষে ওই বিতর্কিত নামজারিটি বাতিল করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দশ্রী গ্রামের এরশাদ মিয়ার ছেলে আল মামুন প্রতারণার আশ্রয় নিয়ে মাঘান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসক এবং একজন ইউনিয়ন পরিষদের সদস্যের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে একটি ওয়ারিশান সনদ তৈরি করেন।
এই ভুয়া সনদের ভিত্তিতে পরিবারের ছয়জন প্রকৃত ওয়ারিশকে অন্ধকারে রেখে তিনি নয় একর জমির মালিকানা দাবি করে নামজারির আবেদন করেন।
নথিপত্র অনুযায়ী, বিতর্কিত এই ওয়ারিশান সনদটির স্মারক নম্বর ‘মা/মদন/নেত্র/২০২৬-২৭/০৩’ এবং এতে তারিখ দেওয়া হয়েছে ৭ জুলাই ২০২৬। এরপর ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তিনি নামজারির আবেদন করেন। স্থানীয়দের অবাক করে দিয়ে মাত্র পাঁচ কর্মদিবসের মধ্যে নামজারির পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ২০ সেপ্টেম্বর খসড়া খতিয়ান প্রস্তুত, ২১ সেপ্টেম্বর শুনানির আদেশ ও প্রতিবেদন তৈরি এবং ২২ সেপ্টেম্বর ডিসিআর পরিশোধের মাধ্যমে খতিয়ান হস্তান্তরের এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
নামজারি অনুমোদনের পর আল মামুন ঘাটুয়া গ্রামের বাজারে নিজেকে ওই জমির মালিক দাবি করে প্রচারণা শুরু করলে বিষয়টি ভুক্তভোগী পরিবারের নজরে আসে। এরপর ৪ অক্টোবর ২০২৬ তারিখে পাবেল চৌধুরী সহকারী কমিশনার (ভূমি) বরাবর নামজারি বাতিলের জন্য আবেদন করেন। দ্রুত পদক্ষেপ হিসেবে ৭ অক্টোবর ওই নামজারি বাতিল করা হয়। এছাড়া অভিযুক্ত আল মামুনের বিরুদ্ধে অতীতে বসতঘরের ঢেউটিন খুলে নেওয়ার অভিযোগে থানায় অন্য একটি মামলাও চলমান রয়েছে। ইউএনও এম এ কাদের এ বিষয়ে জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন এবং অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার বদলি হওয়ায় তার ভাষ্য পাওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগী পরিবার জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.