নোয়াখালীর কবিরহাট ও জেলা শহর মাইজদীতে সড়ক দুর্ঘটনায় বেলাল হায়দার (৪৬) এবং গোলাম সারওয়ার (৪৮) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকালে পৃথক স্থানে এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে বেলাল হায়দার ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ প্রোডাক্ট লাইন নোয়াখালী রিজিয়নের আর এস এম গোলাম সারওয়ার। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোম্পানীগঞ্জ থেকে জেলা শহর মাইজদীর উদ্দেশে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ছেড়ে আসে। অটোরিকশাটি কবিরহাট-সোনাপুর সড়কের ইতালি মার্কেট পার হয়ে মিয়া বাড়ির মোড়ে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ চারজন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে বেলালের মৃত্যু হয়। অপর আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপর দিকে, সকালে নিজ কর্মস্থলের উদ্দেশে বের হন গোলাম সারওয়ার। এ সময় মাইজদী পুরাতন কলেজ রোডে একটি দ্রুতগতির বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ও সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী সময় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.