হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে পাবনায় প্রতিপক্ষের গুলিতে ইজারাদারসহ দুজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
পাবনার পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম হাজি (৫৫) ও তাঁর সহযোগী রিপন হোসেন (৫০)। তাঁদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজি তাঁর সহযোগীদের নিয়ে হাটে তাঁদের অফিসকক্ষে বসেছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাঁদের ওপর গুলি বর্ষণ করে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালাম হাজি ও তাঁর সহযোগী রিপনকে মৃত ঘোষণা করেন।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘এখন পর্যন্ত আমাদের প্রাথমিক তথ্যমতে, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। তারই জেরে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর গুলি বর্ষণ করেন। দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।’
এসপি আরও বলেন, ‘আমরা আরও তদন্ত করছি। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করা হবে। বিস্তারিত পরে জানাতে পারব।’
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.