চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে মো. রামিনকে (২১) গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। ঘটনার পাঁচ দিন পর রোববার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর থানাধীন বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোসলেহ উদ্দিন আহমেদ।তিনি জানান, নিহত রহিম উল্ল্যাহ (৬৩) কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পতেঙ্গার ১৪ নম্বর ঘাট এলাকার আক্কাসের মার্কেটের সামনে ও আশপাশে ভ্যানগাড়িতে কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল বিক্রি করতেন তিনি।
পাওয়া তথ্য অনুযায়ী, নিহতের ছেলে রামিন বাবার কাছ থেকে মালামাল নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তবে বিক্রির টাকা ঠিকমতো বাবাকে না দিয়ে অপ্রয়োজনে খরচ করতেন। এ নিয়ে বাবা তাকে সতর্ক করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন রামিন।
এসআরবি জানায়, ঘটনার দিন গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে ব্যবসার টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রামিন তার বাবাকে মারধর করেন। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলে রামিন বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।
পরে একই দিন রাত ১১টার দিকে পূর্ববিরোধের জেরে পতেঙ্গার বিজয়নগর ১৪ নম্বর ঘাট এলাকার আক্কাসের মার্কেটের সামনে আবারও বাবা-ছেলের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে রামিন হত্যার উদ্দেশ্যে তার বাবার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। এতে রহিম উল্ল্যাহ গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি ১১ নভেম্বর দায়ের করা হয়। এর নম্বর ৯ এবং দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
ঘটনার পর থেকে পলাতক আসামি রামিনকে গ্রেপ্তারে এসআরবি-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ নভেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের একটি যৌথ অভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন বাংলাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার এজাহারনামীয় প্রধান আসামি রামিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.