
বরিশালের মুলাদী উপজেলায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অভিযানে বৈধ কাগজপত্রহীন তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানটির নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন, মো. সোহেল মাহমুদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন ও সদর ইউনিয়ন এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়েছে। অভিযানে গাছুয়া ইউনিয়নের ‘নোভা ব্রিকস’ এবং মুলাদী সদর ইউনিয়নের ‘এবিবি ব্রিকস’সহ মোট তিনটি অবৈধ ইটভাটা সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। পরিবেশের ছাড়পত্র বা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় এই ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কাজী সাইফুদ্দিন জানান, নিয়মবহির্ভূত এসব ইটভাটা বন্ধে মালিকপক্ষকে বারবার সতর্ক করা হয়েছিল। এমনকি তাদের বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে পাঠিয়ে বৈধ নথিপত্র প্রদর্শনের নির্দেশনা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করেন। কোনো ধরনের কাগজপত্র জমা না দেওয়ায় পরিবেশের সুরক্ষায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে অভিযানের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ‘নোভা ব্রিকস’-এর মালিক মাশরাফি খান। তিনি দাবি করেন যে, তাঁদের ইটভাটা ভেঙে দেওয়ার আগে কোনো ধরনের পূর্বনোটিশ প্রদান করা হয়নি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.