বাংলাদেশ ও ভারতের মধ্যে একসময় চালু থাকা, বর্তমানে বন্ধ তিন আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন—মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের বার্ষিক বৈঠকে আলোচনা হবে। আগামীকাল মঙ্গলবার ঢাকায় শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী বৈঠকে ট্রেন তিনটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
বাংলাদেশ রেলওয়ের সূত্র জানিয়েছে, দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেসের চলাচল ফের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। একই বৈঠকে রাজশাহী-কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার আগ্রহের কথাও জানাবে রেলওয়ে।
দুই দেশের রেল কর্তৃপক্ষের এ বৈঠকটি আন্তঃসরকার রেলওয়ে বৈঠক বা ইন্টার-গভর্নমেন্টাল রেলওয়ে মিটিং (আইজিআরএম) নামে পরিচিত। এবার ঢাকার রেলভবনে অনুষ্ঠিত হবে বৈঠকটি। বৈঠকে আলোচনার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচ্য বিষয়গুলো ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ভারতীয় রেলওয়েরও আগ্রহ রয়েছে। তবে ট্রেন তিনটির চলাচল পুনরায় শুরুর জন্য শুধু দুই দেশের রেল কর্তৃপক্ষের সম্মতিই যথেষ্ট নয়। এ বিষয়ে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের মতামত প্রয়োজন হবে। মঙ্গলবারের বৈঠকে এসব মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও অংশ নেবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আন্তঃদেশীয় ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসবে রাজনৈতিক পর্যায় থেকে।
প্রতিবছর বাংলাদেশ ও ভারতে পালাক্রমে আইজিআরএম বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৈঠকটি হয়েছিল গত বছরের ২০ থেকে ২২ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে। কয়েক দফা তারিখ পরিবর্তনের পর এবার ঢাকায় বসতে যাচ্ছে দুই দেশের রেল কর্তৃপক্ষ।
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় ট্রেন চলাচল ব্যাহত হয়। ১৬ জুলাই মৈত্রী এক্সপ্রেসের চলাচল স্থগিত করা হয়। এরপর ১৯ জুলাই থেকে মৈত্রী, বন্ধন ও মিতালী—তিনটি ট্রেনের চলাচলই বন্ধ হয়ে যায়।
পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এলেও দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল আর স্বাভাবিক হয়নি। দীর্ঘ বিরতির পর এবার আইজিআরএম বৈঠকের মধ্য দিয়ে ট্রেনগুলো পুনরায় চালুর বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে যাচ্ছে।
বর্তমানে মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা রুটে চলাচল করে। বন্ধন এক্সপ্রেসের রুট খুলনা-কলকাতা এবং মিতালী এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি। এসব ট্রেন পুনরায় চালুর পাশাপাশি রাজশাহী-কলকাতা রুটে নতুন ট্রেন চালুর প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় রেল যোগাযোগ আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.