বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা। যা অপ্রাপ্ত বয়স্কের শারীরিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে। বিশেষ করে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনকে বাল্যবিবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সরকারিভাবে বাল্যবিবাহকে নিরুৎসাহিত করা হয়েছে। তবে বিশেষ পরিস্থিতিতে অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে বাল্য বিবাহের সুযোগ রয়েছে।
কখন বাল্যবিবাহ করা যাবে না
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এ বলা আছে, ‘২১ বছরের কম বয়সের কোনো পুরুষ এবং ১৮ বছরের কম বয়সের কোনো নারী অপ্রাপ্ত বয়স্ক হিসেবে গণ্য হইবে। অপ্রাপ্ত বয়স্ক কোনো নারী বা পুরুষ বিবাহ করিলে তা বাল্যবিবাহ হিসেবে গণ্য হইবে।’
বাল্যবিবাহ করলে বর-কনের শাস্তি
আইনের ৭ ধারায় বাল্যবিবাহে অংশগ্রহণকারী বর-কনের শাস্তির বিধান রয়েছে। তবে শাস্তির ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যে পার্থক্য করা হয়েছে।
প্রাপ্তবয়স্ক বর বা কনে: কোনো প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ বাল্যবিবাহ করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ এক লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড হতে পারে।
অপ্রাপ্তবয়স্ক বর বা কনে: কোনো অপ্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ বাল্যবিবাহ করলে সর্বোচ্চ এক মাসের আটকাদেশ অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে। তবে শিশু আইন, ২০১৩-এর বিধান অনুযায়ী তাদের বিচার করতে হবে।
এ ক্ষেত্রে আইনের একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা হলো, ৮ ধারায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা বা দণ্ড প্রদান করা হলে অপ্রাপ্তবয়স্ক বর বা কনেকে শাস্তি দেওয়া যাবে না।
অর্থাৎ, বাল্যবিবাহের জন্য শুধু শিশুকে দায়ী না করে যারা তাকে বিয়েতে বাধ্য করেছে বা বিয়ে আয়োজন করেছে, তাদের দায় নির্ধারণের ওপরও আইন গুরুত্ব দিয়েছে।
বাবা-মা, অভিভাবক ও বিয়ে সম্পাদনকারীর শাস্তি
বাল্যবিবাহ প্রতিরোধে আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানগুলোর একটি হলো ৮ ও ৯ ধারা।
৮ ধারা অনুযায়ী, কোনো বাবা-মা, অভিভাবক অথবা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর কর্তৃত্ব থাকা অন্য কেউ বাল্যবিবাহ সম্পন্ন করার জন্য কোনো কাজ করলে, অনুমতি দিলে, নির্দেশ দিলে অথবা নিজের অবহেলার কারণে বিয়ে বন্ধ করতে ব্যর্থ হলে অপরাধী হিসেবে গণ্য হবেন। এ অপরাধের শাস্তি সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড। অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড হতে পারে।
অন্যদিকে, ৯ ধারায় বাল্যবিবাহ সম্পাদন বা পরিচালনাকারীর শাস্তি নির্ধারণ করা হয়েছে। কোনো ব্যক্তি বাল্যবিবাহ সম্পাদন বা পরিচালনা করলে তাঁরও সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে। এ বিধানের আওতায় বিয়ে সম্পাদনকারী কাজি বা সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা অপরাধের প্রকৃতি অনুযায়ী বিবেচিত হতে পারে।
বাল্যবিবাহ নিবন্ধন করলে নিবন্ধকের শাস্তি
আইনের ১১ ধারায় বাল্যবিবাহ নিবন্ধনকারী বিবাহ নিবন্ধকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। কোনো বিবাহ নিবন্ধক বাল্যবিবাহ নিবন্ধন করলে তাঁর সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে। অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড হতে পারে। এ ছাড়া তাঁর লাইসেন্স বা নিয়োগ বাতিল করার বিধানও রয়েছে।
অর্থাৎ, বাল্যবিবাহ প্রতিরোধে শুধু বর-কনে বা তাঁদের অভিভাবকদের নয়, বিয়ের নিবন্ধন প্রক্রিয়ায় যুক্ত ব্যক্তিদেরও জবাবদিহির আওতায় আনা হয়েছে।
বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের ক্ষমতা
আইনের ৪ ধারায় কয়েকজন সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকারের প্রতিনিধিকে বাল্যবিবাহ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এ ধারায় উল্লিখিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় সরকারের প্রতিনিধি।
বয়স প্রমাণের জন্য প্রয়োজনীয় দলিল
আইনের ১২ ধারায় বিয়ের ক্ষেত্রে নারী বা পুরুষের বয়স প্রমাণের জন্য কয়েকটি দলিলকে আইনগতভাবে গ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
এসব দলিল হলো—
(ক) জন্মনিবন্ধন সনদ।
(খ) জাতীয় পরিচয়পত্র।
(গ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সনদ।
(ঘ) জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সনদ।
(ঙ) প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ বা সমমানের পরীক্ষার সনদ।
(চ) পাসপোর্ট (যদি থাকে)।
বিয়ের বয়স নির্ধারণে এসব দলিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বয়স নিয়ে বিরোধ দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আদালত আইনগত দলিলের ভিত্তিতে বয়স যাচাই করতে পারে।
বাল্যবিবাহ কখন করা যাবে
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর সবচেয়ে আলোচিত বিধান হলো ১৯ ধারা। এ ধারায় বিশেষ পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্কের বিয়ের অনুমতির সুযোগ রাখা হয়েছে।
এই ধারা অনুযায়ী, বিধি দ্বারা নির্ধারিত বিশেষ পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশ এবং বাবা-মা অথবা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে নির্ধারিত প্রক্রিয়ায় বিয়ে সম্পন্ন হলে তা এ আইনের অধীন অপরাধ হিসেবে গণ্য হবে না।
তবে এ বিধানকে বাল্যবিবাহের সাধারণ অনুমতি হিসেবে বিবেচনা করা যাবে না। এটা বিশেষ পরিস্থিতির বিষয়টিকে প্রাধান্য দেয়।
বাল্যবিবাহ নিরোধ বিধিমালা, ২০১৮-এর ১৭ বিধিতে এ ক্ষেত্রে যাচাই কমিটি গঠনের বিধান রয়েছে। আবেদন পাওয়ার পর কমিটি অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে প্রতিবেদন আদালতে পাঠায়। আদালত সেই প্রতিবেদন বিবেচনা করে সিদ্ধান্ত দিতে পারে।
অতএব, ১৯ ধারার অধীনে বিয়ের অনুমতি পেতে হলে আদালতের নির্দেশ, অভিভাবকের সম্মতি এবং বিধিমালায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
লেখক: সাংবাদিক ও আইনজীবী
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.