দীর্ঘ অপেক্ষার পর বিনা খরচে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে প্রথম ফ্লাইটে নির্বাচিত ১১২ কর্মীর মধ্যে ১০৩ জন মালয়েশিয়ায় পৌঁছেছেন। শুক্রবার ভোর রাতে তারা দেশটিতে পৌঁছান।
বাকি ৯ জনের কিছু প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় তারা যেতে পারেননি। প্রয়োজনীয় নথিপত্র ঠিক করে এই ৯ জনও মালয়েশিয়া যাবেন বলে জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন।
হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘প্রথম ফ্লাইটে ১১২ জন নতুন কর্মী আসার কথা থাকলেও ৯ জনের কিছু প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় ১০৩ জন এসেছেন। বাকি ৯ জন পরে আসবেন।
এ দিন ইমিগ্রেশনসহ অন্যান্য কাজ শেষ করে ভোর ৪টার দিকে নতুন ১০৩ কর্মী বিমানবন্দর থেকে বের হয়ে আসলে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুররুল করিম খান চৌধুরী। তার সঙ্গে ছিলেন ডেপুটি হাই কমিশনার শাহানারা মনিকাসহ ডিএইচএল কর্মকর্তা।
পরে নতুন কর্মীদের ডিএইচএল কুরিয়ার তাদের প্রতিষ্ঠানে নিয়ে যায় দুই দলে। তাদের এক দলকে পেনাং রাজ্যে ও অন্য দলকে কুয়ালালামপুরের কাছে শাহ আলম এলাকায় নিয়ে যাওযা হয়েছে।
ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত দেশটি প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী নিয়েছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় গিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দ্রুত শ্রমবাজার খুলে দেওয়া এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান।
এরপর নানা প্রক্রিয়া আর অপেক্ষা শেষে বোয়েসেলের মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়। সেখান থেকে প্রথম ধাপে যাওয়ার জন্য ১১২ জনকে নির্বাচিত করা হয়।
বোয়েসেল জানায়, ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মীরা ১ হাজার ৭০০ রিঙ্গিত বেতনে তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন, যেখানে নিয়োগকর্তা আবাসন ও চিকিৎসা সুবিধাও দেবে।
এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.