কুড়িগ্রামে হত দরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফ কর্মসূচির বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারের পাঁচটি গুদাম ঘর থেকে এই চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমেদ।
বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফর রহমান এবং ইউনিয়ন পরিষদের সচিব আতাউর রহমান মণ্ডল।
সরকারি সিলযুক্ত পাটের এবং প্লাস্টিকের বস্তায় রাখা প্রায় ২৭৯ বস্তা চাল জব্দ করা হলেও এর পরিমাণ নিশ্চিত করতে পারেননি এই দুই কর্মকর্তা।
ট্যাগ অফিসার আবুল হোসেন, ইউপি সচিব আতাউর রহমান মণ্ডল, এবং মোহনগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য শাহ আলম স্বাক্ষরিত ওই তালিকা থেকে জানাযায়, দোকানঘর থেকে জব্দ ১২২ বস্তা চাল পরিষদের স্টোরে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আরও দুটি দোকানঘরে ১৫৭ বস্তা চাল সিলগালা করে রাখা হয়েছে।
উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার আবুল হোসেন জানান, পরিষদে চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। ট্যাগ অফিসার পরিষদে পৌঁছার আগেই চাল বিতরণ শুরু করে মাসুদ নামে এক যুবক। একটি ভ্যানে করে চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কয়েক বস্তা চাল আটক করেন। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে বাজারে অভিযান চালান। এ সময় বাজারের কয়েকটি দোকানের তালা ভেঙে ভেতর থেকে দুই শতাধিক বস্তা সরকারি চাল জব্দ করা হয়।
বিতরণের জন্য বরাদ্দ করা চাল জব্দের বিষয়ে জানতে মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যানের নম্বরে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, ‘বিষয়টি নিয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো। মামলা হবে। যারাই জড়িত থাক তাদের আইনের আওতায় আনা হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.