
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে ৯৫ দশমিক ৩৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে। আগের সপ্তাহেই ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে ১৬ ও ১৩ শতাংশ কমেছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের শেষ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকতে পারে। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, শেষ তিন মাসে দৈনিক প্রায় ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে, যা সম্ভাব্য চাহিদার তুলনায় দৈনিক ১৭ লাখ ব্যারেল বেশি। অথচ এর আগে সংস্থাটি সরবরাহ সংকটের আশঙ্কা প্রকাশ করেছিল। কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার জানান, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ব্যবসায়ীরা এখন বাজারে তেলের অতিরিক্ত যোগানের সম্ভাবনা নিয়ে ভাবছেন, যা সামগ্রিক বাজারের মনোভাব পরিবর্তন করে দিচ্ছে।
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত ও তেল পরিবহনে কিছুটা স্বস্তি আসায় এই দরপতন হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোন্স অ্যাক্টের ওপর আরোপিত ছাড় আরও ৯০ দিন বৃদ্ধি করেছেন। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে বিদেশি পতাকাবাহী জাহাজগুলোও যুক্তরাষ্ট্রের এক বন্দর থেকে অন্য বন্দরে জ্বালানি তেল, ডিজেল ও পেট্রল পরিবহনের সুযোগ পাবে।
তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও নিরাপত্তা নিয়ে এখনো উদ্বেগ কাটেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার রাতে হরমুজ প্রণালির পূর্বদিকে একটি নৌমাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে ওই অঞ্চলে জাহাজ চলাচলের ঝুঁকি ও উচ্চ পরিবহন ব্যয় এখনো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরবরাহ পরিস্থিতির উন্নতি হলেও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে পুরো খাত এখনো চাপের মুখেই রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.