কম দামে মাংস বিক্রি করায় রাজশাহীতে প্রকাশ্যে কসাই মামুন হোসেনকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে বাঘা উপজেলার আড়ানী হাটে এ ঘটনা ঘটে। মামুন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, মামুন আড়ানী হাটে গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। এ সময় একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকনও পাশে মাংস বিক্রি করছিলেন। দুজনের মধ্যে মাংস বিক্রি নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে খোকনের হাতে থাকা ধারাল ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খোকনের কর্মচারী আবদুস সালাম ও রফিকুল ইসলাম বলেন, ‘মামুন ও খোকন পরস্পর মামাতো-ফুফাতো ভাই। একসঙ্গে তারা মাংসের ব্যবসা করতেন। কিছুদিন আগে থেকে তারা ব্যবসা আলাদা করেছেন। আজ তারা দুইজন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ টাকা এবং মামুন ৬৫০ টাকা প্রতি কেজিতে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকটি হয়। একপর্যায়ে খোকন প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে হত্যা করে।’
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনার পর থেকে খোকন পলাতক রয়েছেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.