কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাইসা মনি (৮) নামে এক শিশুর মরদেহ ৪৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাইসা মনি কাঁচকোল দক্ষিণ খামার এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং কাঁচকোল বাজার নবীজান নুরানী ও হাফিজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার বিকেলে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে রাইসা। একপর্যায়ে নদীর কিনারা থেকে কিছুটা দূরে চলে গেলে স্রোতের পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা শিশুরা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে স্থানীয়রা ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরদিন রংপুর থেকে বিশেষ ডুবুরি দল এসে ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালিয়েও শিশুটির সন্ধান পায়নি।
অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ৪৪ ঘণ্টা পর মঙ্গলবার দুপুরে নদীর তীরে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি রাইসা মনির বলে শনাক্ত করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা সমন্বিতভাবে উদ্ধারকাজ চালিয়েছেন।
চিলমারী থানার ওসি নয়ন কুমার বলেন, শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়েছে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
রাইসার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো কাঁচকোল এলাকা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.