নির্বাচিত হলে হাতিয়াকে জেলা হিসেবে ঘোষণা এবং উত্তর ও দক্ষিণ অঞ্চলের কয়েকটি ইউনিয়ন নিয়ে দুটি নতুন উপজেলা গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসুদ। তিনি বলেন, প্রতিশোধের রাজনীতি নয়, সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত হাতিয়া গড়ে তোলা হবে।
সোমবার বিকেলে উপজেলা সদরের ওছখালী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহান উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, পৌর মেয়র প্রার্থী সাব্বির আহম্মেদ তাফসির, এলডিপি নেতা মোহাম্মদ আবুল হোসেন বাবুল, এনসিপির উপজেলা সভাপতি শামছুল তিব্রীজ, পৌরসভা সভাপতি মহিবুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল ওহাব বাবুল ও ছাত্রশক্তির সভাপতি নেয়ামত উল্যাহ নিরবসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।
আবদুল হান্নান মাসুদ বলেন, হাতিয়াকে “গোলামির রাজনীতি” থেকে মুক্ত করাই তাদের লক্ষ্য। ঘাট-বাজারে দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে এবং কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। রাজনীতিতে জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
নিজের নির্বাচনী ইশতেহার তুলে ধরে তিনি বলেন, এটি সাধারণ মানুষের ইশতেহার—সিএনজি চালক থেকে শুরু করে ঘাটের শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার এতে স্থান পেয়েছে। প্রায় ৩৫ মিনিটের বক্তব্যে তিনি নদীভাঙন রোধে ব্লকবাঁধ নির্মাণ, টেকসই বেড়িবাঁধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটন খাতের বিকাশ এবং নদীবন্দর স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন।
জনসভাকে কেন্দ্র করে হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। বিকেল ৪টার পর সাধারণ কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.