
ভোলার মনপুরা উপজেলায় বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৭) নামের এক কিশোর প্রাণ হারিয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাঢ়ী বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কিশোর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে এবং সে কোরালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কর্মরত ছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানকে ঘিরে ঝাড়বাতিসহ আলোকসজ্জার কাজ করছিল আশরাফুল। জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, বিয়ে বাড়ির অনুষ্ঠান উপলক্ষে গতকাল রাতে আলোকসজ্জা ও ঝাড়বাতি স্থাপনের কাজ করছিল আশরাফুল।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা কবির সোহেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই আশরাফুলের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, সংসারে আর্থিক অনটন ঘোচাতে পড়ালেখার পাশাপাশি কিশোর বয়সেই সে ডেকোরেটরের কাজে যুক্ত হয়েছিল। প্রতিদিনের উপার্জনে পরিবারের অভাব মেটানোর চেষ্টা করত এই কিশোর।
এদিকে, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, স্থানীয়ভাবে জানাজা শেষে আজ বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.