বলিউড অভিনেত্রী ও ‘আইটেম গার্ল’ নোরা ফাতেহিকে নিয়ে বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানের সম্মানি এবং অন্যান্য খরচ থেকে উৎসে কর প্রদান নিশ্চিত করার কথা বলেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এবার ওই অনুষ্ঠানের মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে এনবিআর।
আজ মঙ্গলবার এনবিআরের ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব মোহাম্মদ আবদুস সাদেকের সই করা একটি চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
এনবিআর পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন বলেন, মূসক আইন অনুযায়ী বিদেশি শিল্পীর অংশগ্রহণে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাংক গ্যারান্টি জমা ও অনুমতি গ্রহণের বাধ্যবাধকতা থাকলেও আয়োজক প্রতিষ্ঠান এ সংক্রান্ত কোনো ঘোষণা ও ব্যাংক গ্যারান্টি দাখিলসহ অনুমতি গ্রহণ করেনি। এ কারণে ভ্যাট বিভাগ থেকে প্রযোজ্য ভ্যাট আদায়ের নির্দেশনা দিয়েছে।
সৈয়দ এ মু’মেন বলেন, এর আগে বিদেশি শিল্পীদের বাংলাদেশের যে কোনো ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চুক্তিপত্রে উল্লেখিত পারিশ্রমিক ছাড়াও অভিনেতা বা অভিনেত্রী ও কলা-কুশলীর জন্য পরিশোধিত অন্যান্য খরচ যেমন, বিমান বা অন্যান্য পরিবহনের মাধ্যমে পরিশোধযোগ্য যাতায়াত খরচ, তাদের থাকা খাওয়ার খরচ ইত্যাদি সব প্রকার খরচের ওপর পরিশোধিত এবং পরিশোধযোগ্য মোট অর্থের ওপর আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫৬ ধারার বিধান মোতাবেক ৩০ শতাংশ হারে উৎসে আয়কর পরিশোধ করার বাধ্যবাধকতার বিধানের কথা জানিয়ে আয়কর বিভাগ থেকে চিঠি দেওয়া হয়েছিল।
গতকাল সোমবার নোরা ফাতেহির বাংলাদেশ সফরের সম্মানি এবং অন্যান্য খরচ থেকে উৎসে কর প্রদান নিশ্চিত করতে স্বরাষ্ট্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্যদের অনুরোধ করে এনবিআর।
নোরা ফাতেহির বাংলাদেশ সফর নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে এনবিআর বলেছে, ১৮ নভেম্বর ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নিতে বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহিকে বাংলাদেশে আসার অনুমতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে।
এনবিআর বলছে, বিদেশি শিল্পীদের বাংলাদেশের যে কোনো ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য পারিশ্রমিক ছাড়াও অভিনেতা/অভিনেত্রী ও কলাকুশলীদের জন্য পরিশোধিত অন্যান্য সব খরচের ওপর পরিশোধিত এবং পরিশোধযোগ্য মোট অর্থের ওপর আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ৫৬ ধারার বিধান অনুযায়ী ৩০ শতাংশ হারে উৎসে আয়কর পরিশোধ করার বাধ্যবাধকতা আছে।
নোরা ফাতেহির বাংলাদেশ সফরে অনুমতি দিয়ে গত ৭ নভেম্বর একটি সার্কুলার জারি করে তথ্য মন্ত্রণালয়। আয়োজক প্রতিষ্ঠান ‘উইমেন লিডারশিপ করপোরেশন’-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেয় মন্ত্রণালয়।

এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.