মাদারীপুরের কালকিনিতে নির্যাতন করে নুপুর বেগম (২৩) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছেন নিহতের বাবা। আজ শুক্রবার বিকেলে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত নুপুর বেগম কালকিনি পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামের রিপন বেপারীর মেয়ে এবং একই এলাকার উত্তর ঠেঙ্গামারা গ্রামের রানা হাওলাদারের স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত শনিবার গৃহবধূ নুপুরকে অসুস্থ অবস্থায় কালকিনি হাসপাতালে ভর্তি করে তার পরিবার। কিন্তু হাসপাতাল থেকে গত বুধবার তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ শুক্রবার দুপুরে ওই গৃহবধূকে পুনরায় অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নুপুরকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেন। নির্যাতনের কারণে গৃহবধূর মৃত্যু হয়েছে সন্দেহে নিহতের স্বামী রানা হাওলাদার ও তার ননদ ময়ুরি বেগমকে আটক করে পুলিশ।
নিহতের বাবা রিপন বেপারী বলেন, ‘আমার মেয়ে নুপুরকে তার স্বামী রানা ও তার ননদ ময়ুরি নির্যাতন করে হত্যা করেছেন। পরে তাকে হাসপাতালে আনা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রানা হাওলাদার ও তার ননদ ময়ুরি বেগমকে আটক করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.