ফের সুখবর পেলেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। গেজেটেড পদমর্যাদা লাভ করেছেন তারা।
বুধবার (৩০ এপ্রিল) সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ গোলাম কবিরের সই করা এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টের ১৯৭০ সালের ১৭ জুলাই তারিখের স্মারক নং-৮৩২-ইডিএন (832-Edn)-এর তফসিলে ‘সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা’ পদনামটি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এ পদটি এখন থেকে গেজেটেড পদ হিসেবে গণ্য হবে এবং শিক্ষকরা বর্ধিত বেতন সুবিধা পাবেন।
এতে আরো বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা দুইটি অগ্রিম বর্ধিত বেতন পাওয়ার যোগ্য হবেন। এ আদেশটি ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।
এ ছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে এ প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গেজেটেড পদমর্যাদা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি ছিল। এর আগে, শিক্ষকদের পদোন্নতি এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাপ্রাপ্তিতে কিছু জটিলতা ছিল। এই গেজেটেড মর্যাদা শিক্ষকদের বেতন কাঠামো এবং অন্যান্য আর্থিক সুবিধাদির ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনবে বলেও প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.