
চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একইসঙ্গে, আগামী সপ্তাহের মধ্যেই মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব তথ্য জানান। মন্ত্রী জানান, সরকারিভাবে মালয়েশিয়া যেতে একজন কর্মীর ব্যয় এক লাখ ৫৪ হাজার টাকা নির্দিষ্ট করা হয়েছে। তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত খরচের কথা বলা হচ্ছে। সরকার নির্ধারিত এই সীমার মধ্যে খরচ থাকলে কর্মীদের ভোগান্তি অনেকাংশে কমে আসত বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে, সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর বিশাল কর্মপরিকল্পনা গ্রহণ করেছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এই উদ্যোগের আওতায় এরই মধ্যে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
পাশাপাশি মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন এবং কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের জন্য আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর পাশাপাশি অভিবাসন ব্যয় সরকারিভাবে নির্ধারিত থাকায়, ভবিষ্যতে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক চাপ ও হয়রানি উল্লেখযোগ্য হারে কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.