রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতাপেটা করার হুমকিদাতা আদালতে উপস্থিত হয়ে ক্ষমা চেয়েছেন। নৌকার সমর্থক মাহাবুর রহমান মাহাম আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মো. আবু সাঈদের আদালতে সশরীরে হাজির হয়ে ক্ষমা চান।
এ সময় তিনি আইনজীবীর মাধ্যমে কারণ দর্শানোর নোটিশের জবাব দেন। এতে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
আদালতের পেশকার মো. সাহাবুদ্দিন সোহাগ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করতে আদালত মাহামকে কঠোরভাবে সতর্ক করেছেন।
শুনানি শেষে মাহাম সাংবাদিকদের কাছেও নিজের ভুল স্বীকার করেন। সাংবাদিকদের মাধ্যমে তিনি মাহিয়া মাহির কাছেও ক্ষমা চান।
গত শনিবার রাত ১১টার দিকে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মাহাম নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি মাহিকে উদ্দেশ্য করে জুতা দেখান এবং তাঁর সম্পর্কে নানা আপত্তিকর কথা বলেন। স্থানীয় এমপি ও নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীকে নিয়ে আর একটা কথা বললে মাহিকে জুতা মারার হুমকি দেন তিনি।
বিষয়টি নজরে এলে এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে আদালতে তলব করেন।
আর ওই ভিডিও মাহাম পোস্ট করার কিছুক্ষণ পর মুছে ফেললেও রাতেই থানায় যান মাহি। এ সময় মাহির পক্ষে মাহামের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, তদন্তের অনুমতি চেয়ে অভিযোগটি আদালতে পাঠানো হয়েছে। আদালত অনুমতি দিলে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যক্রম এবং এই অভিযোগের বিষয়টি সম্পূর্ণ আলাদা।আলাদাভাবেই ব্যবস্থা নেওয়া হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.