কুড়িগ্রামে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মজিদ আলী (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ অটোরিকশার আরও কয়েকজন আরোহী আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম-রাজারহাট সড়কের টগরাইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিদ আলী নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট থেকে কুড়িগ্রামগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রী মজিদ আলী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ অটোরিকশার আরও কয়েকজন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.