ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা ইউ-টার্নে যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরো ৪ জন। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা বাস স্ট্যান্ড সংলগ্ন ইউ-টার্নে এই ঘটনা ঘটে। নিহতের নাম আলনা বেগম (৫০)। সে কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী।
আহতরা হলেন, নিহতের স্বামী বিল্লাল হোসেন (৬৫), তার ছেলের বউ অঞ্জনা (২৩), নাতনি আনিশা (৪) ও অটোরিকশা চালক অজ্ঞাত (৪০)।
কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেন অটোরিকশায় গজারিয়া উপজেলার আনারপুরা গ্রামে পরিবারসহ অসুস্থ রোগী নাতনীকে দেখতে যাচ্ছিলেন। যাবার পথে আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় ইউ-টার্ন নেওয়ার সময় মতলব থেকে ঢাকাগামী মতলব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশা চালক, বিল্লাল হোসেন ও তার স্ত্রী আলনা বেগমসহ ৫ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে ঢাকা নেওয়ার পথে সকাল ১১টার দিকে আলনা বেগম মারা যায় । স্থানীয়রা ঘাতক বাস চালক কাউসার হোসেন (২৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত ৪ জন রোগীকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে শিশু আনিশা ছাড়া বাকি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
নিহত আলনা বেগমের মামা নজরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে নেওয়ার পথে সে মারা গেছে। বাকিদের অবস্থাও ভালো না। অসুস্থ নাতনিকে দেখতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরল।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাস এবং অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। বাসটির চালক কাউসার হোসেনকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.