কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর এলাকার তুলাতুলি গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন (৩৮) কে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার (৮ মে) রাত সাড়ে ১২টায় দেলোয়ারের বাড়ির অদূরে রাস্তায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ারের বড় ভাই আবদুল বাতেনের জমির মাঝ দিয়ে রাস্তা নির্মাণ করে চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাছির মেম্বার। এতে জমির মালিক আবদুল বাতেন বলেন, রাস্তা নিতে বাধা নেই। তবে জমির মাঝ দিয়ে না নিয়ে এক পাশ দিয়ে নিতে হবে, এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন নাছির মেম্বার। বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দিলেও এতে সন্তুষ্ট হয়নি নাছির। শুক্রবার রাতে দেলোয়ার তার পুরাতন বাড়ি থেকে নতুন বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ওঁতপেতে থাকা নাছির মেম্বার ও তার সহযোগীরা দেলোয়ারের উপর ঝাপিয়ে পড়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত ভাবে আহত করে। দেলোয়ারের শোর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে চন্দনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম বাবু বলেন, আবদুল বাতেনের জমির মাঝ দিয়ে রাস্তা নির্মাণ করতে চায় নাছির মেম্বার। এতে আবদুল বাতেন বলেন, রাস্তা নিতে আমার বাধা নেই, তবে জমির এক পাশ দিয়ে নিতে হবে। নাছির মেম্বার তা মানতে নারাজ, পরে বিষয়টি আবদুল বাতেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে এতে নাছির ক্ষিপ্ত হন, পরে আমি বিষয়টি মীমাংসা করে দেই। তারপরও নাছির থামেননি। শেষ পর্যন্ত আবদুল বাতেনের ছোট ভাই দেলোয়ারকে কুপিয়ে হত্যা করল।
ইউএনও মৌসুমী আক্তার বলেন, বাতেন নামে একজন লিখিত অভিযোগ দিয়েছিল। অভিযোগটি তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) ঘটনাস্থলে পাঠাই। তদন্ত শেষে পিআইও বলেন অভিযোগকারীর জমির ওপর দিয়ে রাস্তা হচ্ছে না।
মেঘনা থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, দেলোয়ারের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসছি। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে লাশ এখনো ঢাকা থেকে আসেনি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.