কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে সেলোয়ারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবাসহ তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় ‘দরিয়ানগর কুলিং কর্নার’-এর বিপরীতে প্যারাসেইলিং গেটসংলগ্ন স্থানে অবস্থান নিয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিন নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের পরিহিত সেলোয়ারের ভেতর থেকে বিশেষভাবে লুকানো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকরা হলেন—জুলেখা বেগম (৩৫), হালিমা আক্তার (২৮) ও সেতারা (২৬)। তাদের প্রত্যেকের কাছ থেকে ২ হাজার পিস করে মোট ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক তিনজনই টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়া এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল গণমাধ্যমকে জানান, “এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.