
মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট যুক্ত করার জন্য অতিরিক্ত সময় পাচ্ছেন মালিকরা। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) এই সময়সীমা দেড় মাস বাড়িয়ে নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে। গত ২৯ অক্টোবর, বৃহস্পতিবার এক বিবৃতিতে বিআরটিএ তাদের ফেসবুক পেজের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নম্বরপ্লেট সংযোজনের সুযোগ পাবেন মোটরসাইকেল মালিকরা।
এর আগে ১৬ অক্টোবরের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেটের পাশাপাশি সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছিল। তখন এই কাজ সম্পন্ন করার জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল কর্তৃপক্ষ। এখন সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ অনুযায়ী, মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্দিষ্ট মাপ ও নকশা অনুসরণ করে সামনের অংশে নম্বরপ্লেট বসাতে হবে। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। এছাড়া স্কুটার বাদে অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট হতে হবে ২৮৫ মিলিমিটার লম্বা ও ৫০ মিলিমিটার চওড়া।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, এই নম্বরপ্লেটের অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। নিবন্ধন নম্বর একটি আনুভূমিক রেখায় লিখতে হবে, যার একটি উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ উল্লেখ করেছে কর্তৃপক্ষ। নির্ধারিত এই মাপ ও নকশা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে সকল মোটরসাইকেল মালিকদের প্রতি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.