ঢাকার যাত্রাবাড়ী এলাকায় তল্লাশি করতে যাওয়া কনস্টেবলকে ছুরিকাঘাত করে চার যুবকের পালিয়ে যাওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
পালিয়ে যাওয়ার সময় তাদের ফেলে যাওয়া ব্যাগে ককটেলের মতো দেখতে চারটি বোমা পাওয়া যাওয়ার কথা বলেছেন যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু।
পুলিশের ভাষ্য, শনিবার দুপুর ২টার দিকে কুতুবখালী পকেট গেট সংলগ্ন তল্লাশিচৌকিতে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবলের নাম শাহ আলম। তার কপালে ছুরিকাঘাত করা হয়। শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, “সন্দেহভাজন একজনকে তল্লাশি করতে চাইলে তিনি চাকু দিয়ে ওই পুলিশ সদস্যের কপালে আঘাত করে পালিয়ে যান।
“তারা একসঙ্গে চারজন ছিলেন, তল্লাশির আগ মুহূর্তে এদের একজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেন।”
এ সময় ছুরির পাশাপাশি তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে পাঁচটি হাতবোমা বোমা উদ্ধার করা হয়। পরে পুলিশ বোমাগুলো নিস্ক্রিয় করে বলে জানান ওসি।
আহত কনস্টেবলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সহকর্মী নায়েক নজরুল ইসলাম।
তিনি বলেন, এক যুবকের ব্যাগ দেখে সন্দেহ হলে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে শাহ আলম তল্লাশি করতে যান। তখন ওই যুবক শাহ আলমের বাঁ চোখের উপরে কপালে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
প্রথমে ওই পুলিশ সদস্যকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। পরে বিকালে সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.