রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে জনগণকে হয়রানির উদ্দেশ্যে সারা দেশে দায়ের হওয়া মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে আজ বুধবার প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান তিনি।
সরকারি দলের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা বাকি রাজনৈতিক মামলাগুলোও যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরেকটি সম্পূরক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘কোনো ব্যক্তি আদালতের মাধ্যমে খালাস পেলে এবং নির্দোষ প্রমাণিত হলে; তাঁকে মর্যাদার সঙ্গে এবং আইন অনুযায়ী আচরণ করা তাঁর মৌলিক অধিকার।’
ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের আরেকটি সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অতীতে অনেক শিক্ষক মামলার শিকার হয়েছেন, এমনকি ২০ বছর আগে মারা গেছেন এমন ব্যক্তির বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
আসাদুজ্জামান বলেন, ‘আমরা দেখেছি প্রতিবন্ধী ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার প্রকৃতি সম্পর্কে আমরা অবগত। যেখানে সম্ভব, আমরা মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া অব্যাহত রেখেছি। সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে আবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রত্যাহারকৃত মামলাগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে বিষয়টি সরাসরি আইন মন্ত্রণালয়ের আওতাধীন নয়।’
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.