রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার নিজেই। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি বলেন, ‘মহামান্য আচার্য বরাবর আধাঘণ্টা আগে পদত্যাগপত্র জমা দিয়েছি।
ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।’
এদিকে উপাচার্যের পাশাপাশি পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ এবং প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা।
বৃহস্পতিবার দুপুর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আজ আমি ও প্রক্টরিয়াল বডির সব সদস্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান দুপুর আড়াইটার দিকে বলেন, ‘মৌখিকভাবে অনেকেই বলেছেন। আমি এখনো অফিসে যাইনি। তাই কে কে পদত্যাগপত্র জমা দিয়েছেন নিশ্চিত বলতে পারছি না।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন সমন্বয়করা।
বিজ্ঞপ্তিতে ১৭ জন সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, সহ-উপাচার্য সুলতান-উল-ইসলাম ও হুমায়ুন কবীর, সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ কর্মকর্তা, সব আবাসিক হলের প্রাধ্যক্ষ, লিগ্যাল সেল, যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ সেল, ডরমিটরি প্রশাসক, সিনেট ও সিন্ডিকেট সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার জন্য সময় বেঁধে দিয়েছেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.