ঢাকার রুপনগর থানার ৭ নম্বর আঞ্চলিক ওয়ার্ড শ্রমিক দলের কমিটিতে অর্থের বিনিময়ে আওয়ামী যুবলীগের এক নেতাকে পদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের তীর রুপনগর থানা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দিকে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৭ নম্বর আঞ্চলিক ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রাপ্ত ব্যক্তি আরমান মাদবর যুবলীগের সক্রিয় কর্মী এবং আলোচিত ছাত্র হত্যা মামলার আসামি শরীফ মাদবরের আপন ছোট ভাই। স্থানীয়দের দাবি, আরমান মাদবর ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য নিখিলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গত ৫ আগস্টের আন্দোলনের সময় ছাত্র হত্যার ঘটনায় আরমান মাদবর সক্রিয় ভূমিকা পালন করেন। শিয়ালবাড়ী এলাকায় তিনি বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছেন বলেও অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানান, শরীফ ও আরমান মাদবরের নির্যাতনে শিয়ালবাড়ী এলাকার সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। অতীতে একাধিক ঘটনায় তাদের বিরুদ্ধে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও দখলবাজির অভিযোগ রয়েছে।
এদিকে, অতীতে দুয়ারীপাড়া মোড় থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী মিছিল বের হলে রুপনগর আবাসিক মোড়ে সেই মিছিলে হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতাদের অভিযোগ, ওই হামলায় এমপি নিখিলের ঘনিষ্ঠ আরমান মাদবর ও জনি নামের এক ব্যক্তি জড়িত ছিলেন।

অভিযোগে আরও বলা হয়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর যুবলীগ নেতা শরীফ মাদবর অর্থের বিনিময়ে বিএনপিতে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরবর্তীতে ছাত্র হত্যা মামলায় দুই দফা কারাভোগ করেন তিনি। বর্তমানে কারামুক্ত হয়ে ছোট ভাই আরমান মাদবরকে অর্থের বিনিময়ে ৭ নম্বর আঞ্চলিক ওয়ার্ড শ্রমিক দলে অন্তর্ভুক্ত করিয়ে শিয়ালবাড়ী এলাকার বস্তি গ্যাস ও গার্মেন্টস সংশ্লিষ্ট বাণিজ্য নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে রুপনগর থানা শ্রমিক দলের আহ্বায়ক নুরুল আমিন বলেন,
“সে বিএনপি করে না আওয়ামী লীগ করে—এটা নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন? কমিটি দিয়েছে ওয়ার্ডের সভাপতি। আপনারা ওয়ার্ড সভাপতির সঙ্গে কথা বলেন। তবে আরমান যদি আওয়ামী লীগের হয়ে থাকে—এমন কোনো তথ্য প্রমাণ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।”
এ বিষয়ে অভিযুক্ত ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বক্তব্য পাওয়া যায়নি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.