কুড়িগ্রামের রৌমারীতে করলা চুরির অভিযোগকে কেন্দ্র করে স্ত্রীর ওপর স্বামীর বর্বর নির্যাতনের ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ছালেহা বেগম (৪০) নামের এক নারীকে গাছে বেঁধে প্রকাশ্যে বেধড়ক মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় এই অমানবিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে ফরহাদ হোসেনের করলা ক্ষেত থেকে এক বস্তা করলাসহ ছালেহা বেগমকে হাতেনাতে আটক করেন জমির মালিক ও এলাকাবাসী। দীর্ঘদিন ধরে ওই জমি থেকে করলা চুরির অভিযোগ ছিল বলে জানান তারা।
খবর পেয়ে স্বামী বদিয়া মিয়া ঘটনাস্থলে এসে স্ত্রীকে একটি গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। উপস্থিত লোকজনের সামনেই চলে এই নির্মম নির্যাতন। এ সময় কেউ কেউ ঘটনাটি মোবাইলে ধারণ করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জমির মালিক ফরহাদ হোসেন বলেন, “অনেক দিন ধরেই আমার জমি থেকে করলা চুরি হচ্ছিল। আজ হাতে-নাতে ধরেছি। তবে পরে যা হয়েছে, তা দুঃখজনক।”
দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চুরির অভিযোগে তাকে আটক করা হয়েছিল। পরে তার স্বামী এসে তাকে নিয়ে যায়।”
জানা গেছে, অভিযুক্ত বদিয়া মিয়া ও ভুক্তভোগী ছালেহা বেগম একই ইউনিয়নের ছোটধনতোলা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলার তথ্যও স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে।
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
চুরির অভিযোগ থাকলেও প্রকাশ্যে একজন নারীকে গাছে বেঁধে এমন নির্মম নির্যাতনের ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। মানবাধিকার ও আইনের শাসন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এই ঘটনা—সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তীব্র সমালোচনা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.