
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর লক্ষ্মী গ্রামের আদর্শ রূপালী কলোনিতে একটি টিউবওয়েল থেকে পানি ও দাহ্য গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে। নলকূপটির মুখে দিয়াশলাইয়ের কাঠি ঠেকানো মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে এবং একই সঙ্গে অনবরত পানি পড়ছে। কোনো যান্ত্রিক চাপ বা হাতল না টানলেও টিউবওয়েলটি দিয়ে অবিরাম পানি ও গ্যাস বের হতে থাকায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অদ্ভুত এই দৃশ্য দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছেন। অনেকে এই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন।
বাড়ির মালিক আবদুল্লাহ মিয়া জানান, ব্যবহারের প্রয়োজনে টিউবওয়েলটি বসানোর পর কিছুদিন পানি ঠিক থাকলেও পরে তাতে হালকা গ্যাসের গন্ধ পাওয়া যায়। এরপর থেকেই নলকূপটি থেকে অনবরত পানি ও গ্যাস বের হওয়া শুরু করে, যা বর্তমানে অনেকটা ঝরনার রূপ নিয়েছে। স্থানীয় বাসিন্দা নিয়াজ আজিজ জানান, প্রথমে ঘটনাটি বিশ্বাস না হলেও পরে সচক্ষে দেখে তিনি বিস্মিত হয়েছেন। তার মতে, যান্ত্রিক কোনো সহায়তা ছাড়াই নলকূপ থেকে আগুনের হল্কা ও পানি বেরিয়ে আসা এলাকার মানুষের মধ্যে যেমন কৌতূহল বাড়িয়েছে, তেমনি বড় ধরনের দুর্ঘটনার আতঙ্কও তৈরি করেছে।
এ বিষয়ে রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী তানভীরুল ইসলাম জানান, বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টির ফলে ভূগর্ভস্থ পানির স্তর উপরে উঠে আসায় প্রাকৃতিক চাপে হাতল ছাড়াও পানি উপরে চলে আসতে পারে। তবে পানির সঙ্গে দাহ্য গ্যাস বের হওয়ার কারণটি নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, নলকূপের গভীরতা মাটির নিচে থাকা গ্যাসের কোনো স্তরের সংস্পর্শে চলে যাওয়ার কারণেই এমনটি ঘটছে। তবে স্থানীয়রা যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দ্রুত জ্বালানি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, টিউবওয়েল থেকে পানি ও আগুন বের হওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.