নওগাঁর সাপাহারে প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই কৃষিজমিতে ইটভাটা নির্মাণের অভিযোগে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত ভাটার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাণসামগ্রী নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার বিষয়েও মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় নির্মাণাধীন ‘স্টার ব্রিক’ ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদ।
অভিযান সূত্রে জানা যায়, প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই কৃষিজমিতে ইটভাটা স্থাপনের নির্মাণকাজ চলছিল। বিষয়টি জানতে পেরে কিছুদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ভাটা মালিককে ডেকে অবৈধ নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে সতর্ক করেছিলেন।
তবে প্রশাসনের সতর্কতার পরও নির্মাণকাজ অব্যাহত থাকায় রোববার অভিযান চালানো হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ইটভাটা স্থাপনের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভাটা নির্মাণে ব্যবহৃত সব ধরনের নির্মাণসামগ্রী নিজ দায়িত্বে অপসারণের বিষয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও আইনবিধি লঙ্ঘন করে অনুমোদনহীনভাবে কৃষিজমিতে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.