জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা যেসব বক্তব্য দিচ্ছেন, তাতে গড়মিল দেখছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ রোববার সংসদের বৈঠকে ৭১ বিধিতে আনা নোটিশের আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, 'শেখ হাসিনা তার উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিকতম ঘটনা হচ্ছে এর একেবারে সাম্প্রতিক উদাহরণ। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টারা যা বলছেন একটির সঙ্গে অন্যটির কোনো মিল খুঁজে পাচ্ছি না। যেমন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান ৩ নভেম্বর বলেন, হাসিনা নিজে ফিরুন বা তাকে ফিরিয়ে আনা হোক সরকারের চাওয়া একটাই। সরকার তার দেশে ফেরা ঠেকাতে চায় না। তার পাসপোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও হাসিনা এখনো বাংলাদেশের নাগরিক।'
উপদেষ্টার বক্তব্যের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্যের মিল পাচ্ছেন না উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, 'কিছুদিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। ৯ নভেম্বর তিনি আবার বলেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। নতুন পাসপোর্ট বা জাতীয় পরিপত্র দেওয়ার কোনো পরিকল্পনা নেই। আবার অন্য প্রতিবেদনে তিনি বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর কথা উল্লেখ করেন।'
রুমিন ফারহানা বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত আছেন, তিনি ৯ নভেম্বর বলেন, পাসপোর্ট ও এনআইডি আবেদনের সত্যতা আমি এখনও যাচাই করতে পারিনি। আবেদনের আইনগত ভিত্তি দেখে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ রেখে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দিয়েছে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান। অন্যদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান ৮ ও ১৪ নভেম্বর বলেন, সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যে আছে। হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে, বাকি সিদ্ধান্ত ভারতের। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে হাসিনা আপিলের কোনো সুযোগ পাবেন না।'
এসব বক্তব্যে অসঙ্গতি তুলে ধরে রুমিন ফারহানা বলেন, 'উপদেষ্টা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরাসরি নাকচ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, যাচাই করা হয়নি আবেদন। একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করছেন।'
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.