
সাতক্ষীরার শ্যামনগরে সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখা ১০ জন কীর্তিমান ব্যক্তি ও পাঁচজন সাংবাদিককে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে শ্যামনগর উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত ‘নক্ষত্রের অভিবাদন’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। ‘গুণীজনের আলোয় আলোকিত হোক সমাজ’—এমন মহৎ লক্ষ্যকে সামনে রেখে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ, কৃষি, ক্রীড়া, সংগীত ও সমাজসেবাসহ নানান ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের সম্মাননা জানানো হয়। সংবর্ধিত পাঁচ সাংবাদিকের মধ্যে বছরের সেরা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি পেয়েছেন শ্যামনগর উপজেলা প্রতিনিধি জি এম মনিরুজ্জামান (মিশুক)। এছাড়া সাহিত্য ক্ষেত্রে অবসরপ্রাপ্ত শিক্ষক কেরামত উল্লাহ, শিক্ষায় স্বপন কুমার মুখার্জি, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা এস এম মিজানুর রহমান, কৃষিতে মনোতোষ মণ্ডল, জনসেবায় আবুল কালাম বাবলা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় আলহাজ আরশাদ আলী মোড়ল এবং ক্রীড়ায় এস এম ফিরোজ হোসেনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
মরণোত্তর সম্মাননা জানানো হয়েছে সাংবাদিকতায় আনোয়ার হোসেন মল্লিক, জনসেবায় বাবু বিশ্বনাথ দাস এবং সংগীতে গীতিকার ও সুরকার অনিমেষ ব্যানার্জিকে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও মুক্তিযোদ্ধা চিকিৎসক জিহাদ আলীকেও সম্মানিত করা হয়। ঐতিহাসিক শাহী মসজিদ আশরাফিয়া দাওরা হাদিস মাদ্রাসায় অর্ধশতাব্দী ধরে দায়িত্বরত হাফেজ আব্দুল আলী এবং মেধা ও মননের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে আয়োজনে অংশ নেন শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু। অনুষ্ঠানে ১৯৫৫ সাল থেকে শিক্ষকতা ও এলাকার ইতিহাস রচয়িতা থেকে শুরু করে সম্মুখযুদ্ধে গুলিবিদ্ধ মুক্তিযোদ্ধা এবং সবজি চাষে বিপ্লব ঘটানো কৃষকদের অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প তুলে ধরা হয়। আবার উচ্চশিক্ষা শেষ করেও চাকরি না পেয়ে গ্রামে গ্রামে শাঁখা বিক্রি করা এক ব্যক্তি পরবর্তী সময়ে সবজি চাষে সাফল্য এনে অন্য কৃষকদের পথ দেখিয়েছেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.