
ঢাকার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় বুধবার সকালে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে আয়োজিত শ্রমিক বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে হেমায়েতপুর থেকে সিংগাইর সড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। শ্রমিকেরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করলে পরিস্থিতি সংঘাতময় হয়ে ওঠে। এই সংঘর্ষে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গুরুতর আহত হন। এছাড়া বেশ কয়েকজন শ্রমিকও এ ঘটনায় আহত হয়েছেন।
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানান, সকালে পদ্মার মোড় এলাকায় দুই পাশ থেকে প্রায় ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক জড়ো হয়ে পুলিশের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীরা ওসির গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলার অবনতি রোধে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.