প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৫, ৩:২৪ পি.এম
সাহিত্য-সংস্কৃতির জোয়ারে সরকারি বাঙলা কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

বাংলা ভাষা ও সাহিত্যের দুই মহীরুহ, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও অর্থবহ আয়োজন। ২০২৫ সালের ২৬ মে, সোমবার, কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী চলা এই উৎসবে আলোচনার পাশাপাশি ছিল নানাবিধ সাংস্কৃতিক পরিবেশনা।
আয়োজনের সূচনা হয় এক মননশীল আলোচনা সভার মধ্য দিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান। তিনি বলেন, “রবীন্দ্র ও নজরুল আমাদের জাতীয় চেতনার প্রেরণা। তাঁদের সাহিত্য আমাদের মানবিকতা, স্বাধীনচেতা মনন ও সংস্কৃতি গঠনের ভিত রচনা করেছে।”
বিশেষ অতিথি শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদ পারভীন তাঁর বক্তব্যে দুই কবির রচনার অন্তর্নিহিত দর্শন ও সমাজ-সংস্কৃতির প্রতি তাঁদের দায়বদ্ধতার কথা তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হুমায়রা মোর্শেদা আক্তার, যিনি রবীন্দ্র-নজরুল সাহিত্যের বর্তমান প্রজন্মের জন্য প্রাসঙ্গিক দিকগুলো তুলে ধরেন সুচিন্তিত বিশ্লেষণে।
আয়োজনের সমন্বয় করেন ড. মাহবুবা পারভীন, যিনি পুরো আয়োজনকে সফল করে তুলতে নেতৃত্বের ভূমিকা পালন করেন।
এই আয়োজনে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন সহ-শিক্ষা সংগঠনের সদস্য, ছাত্রদল ও অন্যান্য সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের সঙ্গে ছিলেন শিক্ষক-শিক্ষার্থী এবং সংস্কৃতিপ্রেমী অনেকেই।
আলোচনা পর্ব শেষে মঞ্চে ওঠে গান, কবিতা ও নৃত্য। কলেজের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত এবং সৃজনশীল নৃত্য, যা দর্শকদের মুগ্ধ করে। শিল্পীদের পরিবেশনায় উঠে আসে কবিদের মানবতাবাদ, প্রেম ও বিদ্রোহের সুর।
এই আয়োজন শুধু স্মরণ নয়, ছিল নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির বীজ বপনের একটি প্রয়াস। আয়োজকরা বিশ্বাস করেন, এমন আয়োজন ভবিষ্যতেও শিক্ষার্থীদের মননশীল ও সাংস্কৃতিক বিকাশে বড় ভূমিকা রাখবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.