চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার কালাবিবির দিঘীর মোড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—কক্সবাজারের উখিয়া উপজেলার মুহুরীপাড়া এলাকার ফাইজুল হকের ছেলে শফি আলম (৩৬) ও কক্সবাজার সদর উপজেলার নয়া পাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (৪৭)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এসব তথ্য জানান র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কালাবিবির দিঘীর মোড় এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এর দুই আরোহী পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাঁদের আটক করেন।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজিটির গ্যাস সিলিন্ডারের ভেতরের এক পাশে বিশেষ কৌশলে রাখা ২২টি বান্ডেল পাওয়া যায়। বান্ডেলগুলো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। সেগুলো খুলে মোট ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাবের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।
র্যাব-৭-এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ইয়াবাসহ দুইজনকে থানায় দিয়েছে র্যাব। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.