
২০০৭ সালের ১৫ নভেম্বর রাতের অন্ধকারে ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার গতির ঘূর্ণিঝড় সিডর লন্ডভণ্ড করে দেয় সুন্দরবন উপকূলের শরণখোলার জনপদ। ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়ে যায় ৩৫/১ পোল্ডারের প্রায় ২৫ কিলোমিটার বেড়িবাঁধ। সরকারি হিসেবে বলেশ্বর নদতীরবর্তী ১২টি গ্রামে তখন ৬৮০ জনের মৃত্যু হলেও স্থানীয়দের দাবি, প্রকৃত প্রাণহানির সংখ্যা এক হাজারের বেশি। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সেই জনপদে ১৯ বছর পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি। রাতের আঁধারে ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লন্ডভণ্ড হয়ে যায় সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জনপদ। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় হাজার হাজার ঘরবাড়ি, ফসলের মাঠ, পুকুর ও মাছের ঘের।
তৎকালীন সরকার উপকূলবাসীর দাবির প্রেক্ষিতে বিশ্বব্যাংকের সহায়তায় ২০১৬ সালে সিইআইপি প্রকল্পের আওতায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ৬২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেয়। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএইচডব্লিউই-এর মাধ্যমে ২০১৯ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা ২০২৩ সাল পর্যন্ত গড়ায়। তবে কাজ শেষ হওয়ার এক বছরের মধ্যেই বাঁধের বিভিন্ন স্থানে ফাটল ও ধস দেখা দেয়। বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার ও অবহেলার কারণেই এই বেহাল দশা।
বগীবন্দর এলাকার সোলায়মান খান ও বাবুল ঘরামীর মতো বাসিন্দারা জানান, জোয়ারের পানিতে নিয়মিত তাদের ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে। তাফালবাড়ী থেকে বগী পর্যন্ত প্রায় ১০ হাজার একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভিটেমাটি হারিয়ে অনেকে এখন বেড়িবাঁধের পাশে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় নারী সুফিয়া বেগম ও রেহানা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার আসে আর যায়, কিন্তু আমাদের বেড়িবাঁধ টেকসই হয় না। শত শত কোটি টাকার প্রকল্পের সুফল সাধারণ মানুষ পায় না, তারা চান পরবর্তী দুর্যোগের আগেই স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা। বিপুল অর্থ ব্যয়ের পরও তারা কাঙ্ক্ষিত নিরাপত্তা পাচ্ছেন না। নতুন বেড়িবাঁধের বাইরের বসতঘরগুলোও রয়েছে ভাঙনের ঝুঁকিতে। বলেশ্বরের ভাঙনে ভিটেমাটি হারিয়ে এখন বেড়িবাঁধের পাশে আশ্রয় নিয়েছেন কয়েক'শ পরিবার।
আব্দুল পঞ্চায়েত নামের আরেক ভুক্তভোগী জানান, সেই ভয়াবহ রাতে তার পরিবারের ১৮ জন সদস্য প্রাণ হারিয়েছেন। শরণখোলার সাউথখালী ও আশপাশের এলাকায় প্রায় ৭ হাজার বিঘা জমি নদীতে হারিয়ে গেছে, কিন্তু এখনো একটি মজবুত বাঁধ মেলেনি। যে বাঁধ নির্মাণ করা হয়েছে তাও ভেঙে পড়ার উপক্রম। কান্নাজড়িত কণ্ঠে আব্দুল পঞ্চায়েত বলেন, ‘আমার পরিবারের ১৮ জনই মারা গেছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমরা চাই এমন একটা বাঁধ, যেটা ভাঙবে না, বন্যায় আমাগো ডুবাইবে না।’। ভবিষ্যতে এমন দুর্যোগ আবার আসলে আমরা একদম শেষ হয়ে যাব।’।
বর্তমানে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শুভ হালদার জানান, শরণখোলার গাবতলা এবং মোরেলগঞ্জের ফাসিয়াতলা এলাকায় ৩৫/১ পোল্ডারের আওতায় মোট ৮৭৫ মিটার নদীতীর সংরক্ষণের কাজ চলমান রয়েছে। এখানে জিও ব্যাগ ও সিসি ব্লক ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন প্রতিরোধের চেষ্টা চলছে। তবে এসব কাজেও পর্যাপ্ত সিসি ব্লক ও মানসম্মত উপকরণ ব্যবহার না করার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, যথাযথ পরিকল্পনা ও প্রকৌশলগত ত্রুটি দূর না করলে সরকারি অর্থ ব্যয়ে কোনো স্থায়ী সমাধান মিলবে না। বর্তমানে শরণখোলার গাবতলা এলাকায় প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ৫০০ মিটার নদীতীর সংরক্ষণের কাজ চলছে। যথাযথ নিয়ম অনুসরণ না করায় নদীর স্রোতে ব্লক ও বালুভর্তি বস্তা সরে যাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল স্বীকার করেন যে, নদীভাঙন ক্রমান্বয়ে বাঁধের একেবারে কাছাকাছি চলে এসেছে। তিনি জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত এই বাঁধের সময় পর্যাপ্ত দূরত্ব রাখা হলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে। স্টাডি রিপোর্ট দাখিলের পর ডিপিপি প্রণয়ন করে নদীতীর সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
সিডরের সেই ভয়াল স্মৃতি এখনো তাড়া করে ফেরে উপকূলের মানুষকে। তাদের কাছে বেড়িবাঁধ কেবল মাটির দেয়াল নয়, এটি তাদের অস্তিত্ব রক্ষার শেষ অবলম্বন। ত্রাণ সহায়তার চেয়ে তারা এখন এমন টেকসই অবকাঠামো চান, যা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় তাদের বসতভিটা ও প্রাণ রক্ষা করবে। সিডরের পর ত্রাণ ও পুনর্বাসন সহায়তা মিললেও জীবন ও সম্পদ রক্ষায় একটি মজবুত, টেকসই বেড়িবাঁধের যে দাবি ছিল, তা এখনো পুরোপুরি পূরণ হয়নি। সিডরের ক্ষত বয়ে বেড়ানো এই জনপদের মানুষের কাছে বেড়িবাঁধ কেবল মাটি, ব্লক আর বালুর বস্তার কাঠামো নয়; এটি তাদের বসতভিটা, ফসল, জীবিকা ও বেঁচে থাকার শেষ আশ্রয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.