কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত কুখ্যাত মাদক কারবারি মর্জিনা আক্তার ওরফে ‘গেন্দি’ (৪০) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। অভিযানে তার কাছ থেকে ১০৩টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৬ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।
গ্রেপ্তার মর্জিনা আক্তার উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুরকুঠি গ্রামের আতোয়ার হোসেনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, সোনাহাট স্থলবন্দরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাকচালক, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন ব্যক্তির কাছে দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন গেন্দি। একাধিকবার তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় পুলিশ। প্রতিবারই তিনি কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পোল্ট্রি মুরগির দোকানের আড়ালে মাদক বেচাকেনা চালিয়ে যান।
অবশেষে শুক্রবার দুপুরে পরিচালিত অভিযানে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০৩টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৬ হাজার ২৯০ টাকা জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে সক্রিয় এই মাদক কারবারিকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।"
পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী ভুরুঙ্গামারীতে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.