বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে (ববিসাস) জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে ‘Linkers in Barishal University’ নামের একটি অনিবন্ধিত ফেসবুক পেজের নয়জন অ্যাডমিন ও মডারেটরের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ববিসাসের সভাপতি মো. জাহিদ হোসেনের পক্ষে বরিশাল জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম এ নোটিশ প্রেরণ করেন।
লিগ্যাল নোটিশ গ্রহীতা নয়জন শিক্ষার্থী হলেন, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মুক্তাদির রিজভী, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী নাহিদ হাসান, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী জাওয়াদুর রহমান সৃজন, ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ফজলে রাব্বি রকি, অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গাজী আবু রায়হান, মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান মুন্না, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা কবীর, আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির মাহমুদ, আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরোজ শ্রাবণী।
জানা গেছে, ‘Linkers in Barishal University’ নামে ফেইসবকু পেজ ও গ্রুপটি পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী।বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করে কোনো তথ্য প্রমাণ ছাড়াই বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হয়। এসব প্রোপাগান্ডামূলক তথ্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, গত ২৮ অক্টোবর পেজটি ববিসাসের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর ছবি ও লোগো ব্যবহার করে মিথ্যা, অসত্য ও বিভ্রান্তিকর তথ্যসংবলিত একটি স্ট্যাটাস প্রকাশ করে। এরপর ৩১ অক্টোবর একই পেজে আবারও সমিতির সদস্যদের বিরুদ্ধে ৩০ লাইনের আরেকটি মানহানিকর স্ট্যাটাস পোস্ট করা হয়, যেখানে সদস্যদের বিরুদ্ধে অবৈধভাবে রুম দখলসহ বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ তোলা হয়।
নোটিশে আরও বলা হয়েছে, সমিতিকে রাজনৈতিক নেতাকর্মীদের দ্বারা পরিচালিত হওয়ার মতো অসত্য অভিযোগসহ একাধিক বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে সংগঠনের সুনাম ও গ্রহণযোগ্যতা নষ্ট করা হয়েছে। এতে সমিতির সদস্যরা ব্যক্তিগতভাবেও মানহানির শিকার হয়েছেন বলে দাবি করা হয়।
নোটিশে ১৫ দিনের মধ্যে সাংবাদিক সমিতি ও নোটিশদাতার কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা, সংশ্লিষ্ট স্ট্যাটাসগুলো অপসারণ করা এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার অঙ্গীকার করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ সহ দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পেইজটির মডারেটর ও মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান মুন্না বলেন, ‘আমরা আপাতত কিছু করছিনা। আমরা দেখছি। তারা যদি নিগোশিয়েশন করে তাহলে আমরা ওইটাই করব। আর যদি লিগ্যাল ওয়েতে আগায় তাহলে আমরা লিগ্যাল ওয়েতে যাব।’
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো জাহিদ হোসেন বলেন,"আমাদের সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান স্যার উপস্থিত ছিলেন। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন এবং আছেন। তার এ উপস্থিতি ফ্যাসিস্টদের একটি অংশ মেনে নিতে পারে নি। আমরা মনে করি তাদের যোগসাজশে সংঘবদ্ধভাবে এ অপপ্রচার চালানো হয়েছে ৷ আমাদের জায়গা থেকে বিষয়টি স্পষ্ট করার পরেও তারা উদ্দেশ্যপ্রনোদিতভাবে অপপ্রচার চালিয়েছে। তাই আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।"
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.