হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহবুব আলম (৩৬) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাহবুব আলম হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেক বাড়ির মৃত আবদুল নবীর ছেলে।
মাহবুব আলম পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। পাশাপাশি তিনি কলাবাগান এলাকার আলাউল হল নামের একটি ভবনের তত্ত্বাবধায়ক হিসেবেও কাজ করতেন।
রবিবার ভোররাতে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত ওই এলাকায় এসে মাহবুব আলমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথেই মাহবুবের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরো জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে মাহবুব আলম নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী মাইক্রোবাস চালক সমিতির নেতাকর্মীরা হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম–রাঙামাটি সড়কের কলাতলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.