রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের কর্পোরেট জগতের সঙ্গে সংযুক্ত করা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী ১১তম আরসিএফ ক্যারিয়ার ফেয়ার ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবছর ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত ফেয়ারে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান, মানবসম্পদ (এইচআর) বিশেষজ্ঞ, বিসিএস ক্যাডার এবং উচ্চশিক্ষা বিশেষজ্ঞদের অংশগ্রহণে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ক্যারিয়ার প্রস্তুতির মিলনমেলা ঘটে।
গত ১০ জুলাই সকাল ৯টায় রুয়েট ক্যাম্পাসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক এবং বিশেষ অতিথি ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। উদ্বোধন শেষে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার সঙ্গে সংযুক্ত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তারা।
দুই দিনব্যাপী ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার ৫০০টি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন সদ্য স্নাতক উত্তীর্ণ প্রকৌশল শিক্ষার্থীরা। পাশাপাশি 'সিগমা ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড' এর অন-ক্যাম্পাস নিয়োগ কার্যক্রমে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী সরাসরি মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশগ্রহণের সুযোগ পান, যা সদ্য গ্র্যাজুয়েটদের জন্য বাস্তবমুখী অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।
ফেয়ারে প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল বিসিএস বিষয়ক ক্যারিয়ার সেমিনার। এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের তিনজন সফল বিসিএস ক্যাডার। তারা হলে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১২–১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ৪৫তম বিসিএসে প্রশাসনে সুপারিশপ্রাপ্ত মো. রাইসুর রহমান রাব্বি, যন্ত্রকৌশল বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ৪৬তম বিসিএসের রেলওয়তে সুপারিশপ্রাপ্ত মো. হাসিবুল হাসান সিফাত এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ৪৭তম বিসিএসের পুলিশে সুপারিশপ্রাপ্ত রিফাত হুসাইন আকন্দ পুলক। তাঁরা বিসিএস প্রস্তুতির কৌশল, সময় ব্যবস্থাপনা, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতিসহ বিভিন্ন অভিজ্ঞতা জানান শিক্ষার্থীদের।
এদিকে শেষ দিনের কার্যক্রমে উচ্চতর শিক্ষাগ্রহণের সুযোগ-সুবিধা, আইইএলটিস ও মৌখিক ইংরেজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উচ্চশিক্ষায় বিদেশে অধ্যয়নের প্রস্তুতি, আইইএলটিসে কাঙ্ক্ষিত স্কোর অর্জনের কৌশল এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক হওয়ার প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
উল্লেখ্য এদিন আয়োজিত এইচআর সামিটে Walton, PRAN Group, RFL Group, BSRM এবং MGI-সহ স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ প্রতিনিধিরা কর্পোরেট সংস্কৃতি, বর্তমান চাকরির বাজারের চাহিদা, নিয়োগ প্রক্রিয়া, সফট স্কিল এবং পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের মূল্যবান দিকনির্দেশনা দেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
আজ (১১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট ক্যারিয়ার ফোরামের উপদেষ্টা ও ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাঈল সিদ্দিকী সাইফ। এছাড়াও প্রধান ও বিশেষ অতিথির পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক সহকারী অধ্যাপক জেড. এইচ. এম. মঞ্জুর মোরশেদ।
ফেয়ারের মূল আয়োজনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা, সেমিনার ও বিশেষ কার্যক্রমে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে রুয়েট ক্যারিয়ার ফোরামের সভাপতি এবং যন্ত্রকৌশল বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, “রুয়েট ক্যারিয়ার ফোরাম প্রায় এক দশকেরও বেশি সময় ধরে আরসিএফ ক্যারিয়ার ফেয়ার আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় আমাদের এবারের আয়োজনও সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে এই ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং কর্পোরেট জগতের সঙ্গে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আশা করি, এবারের আয়োজনও সেই ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।”
শিক্ষার্থীদের পাশাপাশি প্রকৌশল সংশ্লিষ্টরা মনে করছেন, শিল্পপ্রতিষ্ঠান, কর্পোরেট খাত, বিসিএস প্রস্তুতি এবং উচ্চশিক্ষার মতো বহুমাত্রিক বিষয়কে এক মঞ্চে নিয়ে আসার মাধ্যমে এবারের আরসিএফ ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.