
কুড়িগ্রামের রৌমারীতে মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় সদীপ চন্দ্র দাস (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোচালকসহ আরও চারজন আহত হয়েছেন। শনিবার বিকেলে রৌমারী-ঢাকা মহাসড়কের কাঁঠালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সদীপ চন্দ্র দাস রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নমদাস পাড়া এলাকার মৃত লালু রাম দাসের ছেলে। আহতরা হলেন— একই এলাকার দরবারু চন্দ্র দাস (১৬), সবুজ পাড়া এলাকার মারিয়া আক্তার (২০), আয়শা সিদ্দিকা (৮) এবং যাদুরচর ইউনিয়নের ধনারচর নতুনগ্রাম এলাকার অটোচালক আমিনুল ইসলাম (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার থেকে অটোরিকশাযোগে রৌমারী সদর বাজারে যাচ্ছিলেন তারা। পথে কাঁঠালবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক্টর অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সদীপ চন্দ্র দাস নিহত হন। আহত হন অটোচালকসহ চারজন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোঃ আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা গেছেন। আহত চারজনের মধ্যে মারিয়া আক্তারের অবস্থা গুরুতর।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাওসার আলী বলেন, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।