1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী - আজকের কাগজ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৯:০৪ পিএম
শেয়ার করুন

৫ আগস্ট ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আগস্ট ঘিরে আওয়ামী লীগ তৎপর হয়ে উঠতে পারে কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। ৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নাশকতা করতে দেওয়া হবে না। সেই শক্তিও এই দলটির এখন আর নেই।

তিনি বলেন, দলটি একদিকে নিষিদ্ধঘোষিত (কার্যক্রম নিষিদ্ধ), আবার মাফিয়া শক্তি। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিতে পারে। এর বেশি কিছু দেখা যায় না।

৫ আগস্টের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘিরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ৫ আগস্ট উপলক্ষে বিএনপি আগামীকাল (মঙ্গলবার) একটি সভা ডেকেছে। সেখানে যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত থাকবেন। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

‘আওয়ামী লীগের তৎপরতা নিয়ে নিয়ে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। এ নিয়ে কোনো গোয়েন্দা প্রতিবেদন আছে কি? এই প্রশ্নে তিনি বলেন, ‘বিষয়টা তা নয়! আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এটা সব সময় চালু থাকে, যাতে আনঅ্যাটেনডেড কোনো ভেহিকেল না রাখে। টিমের পুরো সদস্য যেন একসাথে চা খেতে না যায়, টিমের পুরো সদস্য যেন গাড়ি রেখে সবাই একসাথে বিশ্রাম না করে—কেউ না কেউ গাড়িটা অ্যাটেন্ড করবে। সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। এটা নরমাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।’

তিনি বলেন, ‘টিমের পুরো সদস্য যেন এক সাথে চা না খেতে যায়, গাড়ি রেখে সবাই যেন বিশ্রাম না করে, সবাই যেন সতর্ক থাকে; এটা নরমাল প্রাকটিস।’

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জামিনে মুক্ত হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি তার বাংলাদেশে প্রত্যাবর্তন সহজতর করতে সরকার সক্রিয়ভাবে কূটনৈতিক চ্যানেলগুলো ব্যবহার করছে।

মন্ত্রী বলেন, বেনজীর আহমেদ যাতে দেশটি ছাড়তে না পারেন, এজন্য শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আদালত। সরকার ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত একটি ‘ল’ ফার্মকে আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে এবং অবিলম্বে জামিন বাতিলের আবেদন দাখিল করতে নির্দেশনা দিয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, তার (বেনজীর) আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও আদালতে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। সরকার সন্দেহ করছে যে, সাবেক পুলিশপ্রধানের একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে। এ বিষয়টি সরকারের আইনি কৌশল প্রণয়নের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে।

উল্টা রথযাত্রার দিন ২৪ জুলাই মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ। এ নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, রথযাত্রা এবং উল্টো রথযাত্রা—এই দুইটাকে আমরা নিরাপদ করার জন্য সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসমূহ খুব সমন্বিত প্রচেষ্টা নিয়েছিল। কোনো অসুবিধা হয় নাই এবং শান্তিপূর্ণভাবে সেটা অনুষ্ঠিত হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের ওইদিকে, মতিঝিলের ওইদিকে একটা মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ জিনিস পাওয়া যায়—একটা ছাতার মধ্যে। এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কি না।

আশুলিয়ায় বোমা উদ্ধার হয়েছে জানিয়ে তিনি বলেন, সেটা একই কায়দায় উদ্ধার করে আমরা বিস্ফোরণ করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা, সেটা তদন্ত করতে বলেছি আমরা, তদন্ত পরিচালিত হচ্ছে। তবে আগের সময়ের তুলনায়, যদি আমরা তুলনামূলক বিবরণী দেই—একই সময়ে এই বিষয়গুলো কীরকম হয়েছে, তার তুলনায় এটা অনেকটাই কম। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আরকি—আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে—আমাদের স্পেশাল টিম আছে, তারা এ ব্যাপারে সতর্ক আছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের বাংলাদেশ সফরে এসে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, সার্জিও গোর প্রধানমন্ত্রীর সঙ্গে কল অনের পরেই নিজেই তো স্টেটমেন্ট দিয়েছেন যে, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী এবং আস্থাশীল। যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশে অগ্রগতি সাধিত হবে—তিনি আশা প্রকাশ করেছেন; এটা তার মুখেরই কথা।

এই বিভাগের আরো খবর