
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে নিমসার বাজার এলাকায়
থ্রি-হুইলার চালকরা হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় মহাসড়কের নিমসার সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. আবদুল মমিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল সকাল ১১ টায় মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে বেপরোয়া ভাবে চলাচলরত কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ ঘটনাকে কেন্দ্র করে থ্রি-হুইলার চালকরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে হাইওয়ে পুলিশের টহল গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. আবদুল মমিন জানান, অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে ভাঙচুর করে এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান স্বাভাবিক ভাবে যান চলাচল শুরু হয়।তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।