
গত ১০ সেপ্টেম্বর সমাপ্ত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)
নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ভিপি-জিএস সহ ৭ পদে নেতৃত্ব দেবেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা।
ভিপি পদে নির্বাচিত আবু সাদিক কায়েমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় হলেও বাবা ব্যবসায়িক সূত্রে পরিবার নিয়ে থাকেন খাগড়াছড়িতে।জিএস এসএম ফরহাদের বাড়ি সাতকানিয়ার পাশের উপজেলা লোহাগাড়ায় এবং ফরহাদও থাকেন খাগড়াছড়ির পাশের উপজেলা রাঙামাটিতে। দুইজনই আলিম পাস করেছেন চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এছাড়া মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন পদে বিজয়ী ফাতেমা তাসনিম জুমার বাড়ি মহেশখালীতে।
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া পদে বিজয়ী সাতকানিয়ার মেয়ে উম্মে ছালমা। সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাঙামাটির সর্বমিত্র চাকমা, সাতকানিয়ার রায়হান উদ্দিন এবং খাগড়াছড়ির হেমা চাকমা। এদের মধ্যে রায়হান উদ্দিন ও উম্মে ছালমা দুইজনই স্বামী-স্ত্রী। ডাকসু’র ইতিহাসে প্রথম স্বামী-স্ত্রী একইসঙ্গে নির্বাচনে জয়লাভ করেছেন।
ডাকসু নির্বাচনে চট্টগ্রামের প্রার্থীদের বিজয়ে উৎসবমুখর তাদের এলাকা। বিশেষ করে ভিপি পদে সাদিক কায়েম ও ফরহাদের জয়লাভে উৎসবের আমেজ বইছে জন্মভিটায়।