
পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় নিজের মাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিলনালীবাড়ী ইউনিয়নের লক্ষ্মীকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোছা. সূর্যবানু (৬০) ওই এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী।
অভিযুক্ত তাদের সন্তান উদ্দিন সরদার (২৩)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, উদ্দিন সরদার মাদকাসক্ত ছিলেন।
মাঝেমধ্যেই মায়ের সঙ্গে নেশার টাকা নিয়ে ঝামেলা করত। আজ সকালে টাকা না দিলে মাকে মেরে ফেলার হুমকি দেয়।
হুমকির পরও মা টাকা না দেওয়ায় কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই মোছা. সূর্যবানু মারা যান।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, নেশার টাকা না দেওয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ছেলেকে পাশের একটি বাড়ি থেকে গ্রিল কেটে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করা হবে।